back to top
Wednesday, July 22, 2026

কক্সবাজারে ৫ মানবপাচারকারী আটক, নারী ও শিশুসহ উদ্ধার ২০

| ০৯ জানুয়ারি, ২০২৬ ১৫:০৮

কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নারী ও শিশুসহ ২০ জন পাচারভুক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজন ব্যক্তি কক্সবাজার ও টেকনাফ উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, স্টেশন, ইনানী, হিমছড়ি, কক্সবাজার, মহেশখালী এবং কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে কলাতলী বীচ সংলগ্ন এলাকা থেকে বোটটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে বোট থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে রাখা নারী ও শিশুসহ ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়, ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল।

উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন

সর্বশেষ