ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশ গঠনে কাজ করছে সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় স্থপতি।
প্রতিমন্ত্রী শনিবার (২০ জুন) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ভবনে চউক জাতীয়তাবাদী কর্মচারী দল কতৃক মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পবিত্র খতমে কোরআন, আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার সংকটময় মুহূর্তে যখন দেশের প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সম্মুখসমরে নেতৃত্ব প্রদান করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ব্যক্তিগত ক্ষমতার মোহে না পড়ে নিজ কর্মস্থলে ফিরে যান। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ তাঁকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করলে তিনি দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠাকে সামনে রেখে বাংলাদেশ পুনর্গঠনের ঐতিহাসিক যাত্রা শুরু করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন,শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি স্বনির্ভর বাংলাদেশ এবং জনগণের কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন। সেই আদর্শ বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেবায় নিবেদিত থাকার অঙ্গীকার নিয়েই জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেবল মঞ্চে বক্তব্য নয়, বরং মাঠে থেকে জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, তিনি অত্যন্ত ইতিবাচক মানসিকতা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। ইতোমধ্যে পরিবেশ রক্ষা, শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ, হালদা নদী সংরক্ষণ এবং চট্টগ্রামের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা সমাধানে আন্তরিকতা প্রদর্শন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রামের উন্নয়নে চউকের বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি আরো বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ওজন নির্ধারণ (ওয়েইং স্কেল) সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যবসায়ী সমাজের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। জনগণের অর্থের অপচয় এবং হয়রানির সেই সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সকল সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে ।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর রুহের মাগফিরাত কামনায় পবিত্র খতমে কোরআন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
চউক জাতীয়তাবাদী কর্মচারী দলের সভাপতি ফয়েজ আহমদ বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ বিএনপি নেতারা বিশেষ অতিথির বক্তৃতা করেন। সার্বিক তত্বাবধানে ছিলেন চউক জাতীয়তাবাদী কর্মচারী দলের অর্থ সম্পাদক ইমারত পরিদর্শক মো. শাহাদাত হোসেন ও মো. আবু জাফর ইকবাল।
এ সময় চউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, আলেম-ওলামা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
