“একটাই শপথ, একটাই ডাক-সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক হোক নিশ্চিহ্ন আজ” -এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক মোটরসাইকেল র্যালী, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় জিয়া বাজার থেকে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মুবিনুল হকের নেতৃত্বে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

কর্মসূচির শুরুতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি মিছিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জিয়া বাজার থেকে মিয়ার ঘাটা পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় জিয়া বাজারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে কয়েকশ মোটরসাইকেল ও শতাধিক সিএনজিচালিত অটোরিকশার অংশগ্রহণে একটি বিশাল র্যালী চট্টগ্রাম-কাপ্তাই সড়কসহ উরকিরচর ইউনিয়নের বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী চলাকালে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মো. মুবিনুল হক। বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কোনো ব্যক্তি বা দলের নয়, এটি পুরো সমাজের জন্য হুমকি। নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী উরকিরচর গড়ে তুলতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণই হতে পারে অপরাধ দমনের সবচেয়ে কার্যকর শক্তি। তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয়ের আড়ালে আশ্রয়-প্রশ্রয় না পায় -এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের সম্মিলিত অঙ্গীকার। এ সময় ইউনিয়ন বিএনপির নেতা গোলাম মোহাম্মদ, শফিউল আলম বাচা, মো. বাদল, মো. আনোয়ার, ইলিয়াস, মো. শফি, মো. মনছুর, মো. মুছা ইয়াকুব, মো. হাশেম, মো. মুজিব সওদাগর, মো. হারুন, আলী আজগর, আব্দুল করিম, মো. সাইফুদ্দিন, মো. গোফরান মেম্বার, মো. ফিরোজ, মো. কলিম, অরুণ বড়ুয়া, টিপু বড়ুয়া, ইউনিয়ন যুবদলের নেতা মো. শাহেদ, মো. আযাদ, আলী বদন, আরিফ, মানিক, মহিন উদ্দিন, ওসমান, রাসেল, রাশেদ, খোকা, জুয়েল, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুন, রফিকুল ইসলাম বাবু, জাবেদ, শাহ্ আলম, জাহেদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীরা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
