রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কর্ণফুলী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুরা হলেন, ওই এলাকার বেলাল হোসেনের ছেলে ফরহাদ ইসলাম ছোটন (০৫) এবং মনির হোসেনের ছেলে আরিয়ান ইসলাম জোহান (১০)। স্থানীয় প্রশাসন এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৮০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আহত দুই শিশুর পরিবারের বসতঘরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় চিকিৎসা শেষে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি বলেন, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে কর্ণফুলী সরকারি কলেজের দুটি কক্ষে ৫০ জন এবং সংলগ্ন স্টেডিয়ামের দুটি কক্ষে আরও ৩০ জন আশ্রয় নিয়েছেন। আশ্রিত পরিবারগুলোর জন্য খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান, আহত দু’শিশুকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আমরা তাদের এবং পরিবারের খোঁজ নিচ্ছি বলে জানান।
