back to top
Wednesday, July 22, 2026

রাউজানে অতিবৃষ্টির জলাবদ্ধতায় প্রাণ গেল প্রবাসীর তিন বছর বয়সী শিশুর

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি | ০৯ জুলাই, ২০২৬ ০৫:২৮

চট্টগ্রামের রাউজানে অতিবর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে মো. মোস্তাকিম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদারের বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ওই বাড়ির বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী মো. পারভেজের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, ঘরের দরজা খোলা পেয়ে পরিবারের অগোচরে মোস্তাকিম বাইরে বের হয়ে যায়। পরে তাকে কোথাও না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে বিলে জমে থাকা পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় খাল, বিল, ডোবা ও নিচু স্থানে পানি জমে রয়েছে। এ পরিস্থিতিতে শিশুদের একা ঘরের বাইরে যেতে না দেওয়া এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ