চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়িত হয়।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির দিকনির্দেশনায় আয়োজিত এই ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজম মেম্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী থানা বিএনপির প্রবীণ সদস্য আলহাজ্ব হারুন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আলহাজ্ব হাফেজ ফরিদ। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব গাজী মো. মোরশেদুল আলম।
উল্লেখ্য, ভয়াবহ বন্যা পরিস্থিতির পর থেকে স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ইউনিয়ন বিএনপির এই মানবিক উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।
নাঙ্গলমোড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে ইউনিয়ন বিএনপি
নিজস্ব প্রতিবেদক | হাটহাজারী | ১৩ জুলাই, ২০২৬ ১২:৪২
