ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে আজ ২০ জুলাই ২০২৬, বিকাল ৫ টায় শহিদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ২০০ প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে তিনি চাল, ডাল, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং মেডিসিন বিতরণ করেন।ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডিডিআরসির সময়োপযোগী আবেদনের প্রতি দায়িত্ববোধ থেকে ২০০ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ করেন এবং ডিডিআরসির উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি উপস্থিত প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের কেয়ারগিভারদের সমাজে হানাহানি, বিশৃঙ্খলা না করে একে অপরের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং শহীদুল ইসলাম সাজ্জাদ, নির্বাহী পরিচালক, ডিডিআরসি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং শোলকবহর ওয়ার্ড, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের ২০০ প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের কেয়ারগিভার পিতা-মাতাগণ।
অনুষ্ঠানের সভাপতি শহীদুল ইসলাম সাজ্জাদ, নির্বাহী পরিচালক, ডিডিআরসির পরিচিতি তুলে ধরে জানান, এলাকায় ৫০০ জন প্রতিবন্ধী শিশু ও যুব এবং তাদের কেয়ারগিভাররা এইবার অতিবৃষ্টির কারনে জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিধায় জেলা প্রশাসক মহোদয়ের নিকট ত্রাণের আবেদন করেন। এই আবেদন মঞ্জুর করে জেলা প্রশাসক মহোদয় স্থানীয় প্রতিবন্ধী শিশু ও যুবদের পাশে দাঁড়িয়েছেন। আমরা সকলে তার এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে প্রতিবন্ধী মানুষদের পাশে থাকার জন্য তিনি ডিসি মহোদয়কে অনুরোধ জানান।তিনি আগত সকলকে ধৈর্য সহকারে ত্রাণ গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
