back to top
Monday, August 3, 2026

রামগড়ে বিজিবির মাসিক আইনশৃঙ্খলা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)  | ২৩ জুলাই, ২০২৬ ১০:২২

খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রামগড় জোন সদর কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি।

সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারি, কাঠ ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের সভাপতি মো. ফায়জার রহমান, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এনসিপির সভাপতি মো. হারুনর রশীদ, ত্রিপুরা সংসদের সভাপতি হরিসাধন বৈষ্ণব, সাংবাদিক তুহিন নিজাম ও মো. করিম শাহসহ অন্যরা বক্তব্য দেন। তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা, জননিরাপত্তা এবং উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জোন কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, গুজব বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ অটুট রাখতে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত সবাই আইনশৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে বিজিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ