খেলাধুলা শেষে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম অর্ণব সাহা। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অর্ণব সাহা চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলা শেষে কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে গোসল করতে নামেন। এ সময় সহপাঠীদের অগোচরে তিনি পানিতে তলিয়ে যান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অর্ণব সাহা সন্ধ্যার দিকে ৪ থেকে ৫ জন সহপাঠীর সঙ্গে কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে পা পিছলে তিনি পানিতে পড়ে যান। সাঁতার না জানায় পুকুরের গভীরে তলিয়ে যান।
তিনি বলেন, সহপাঠীরা তাকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর তাকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়। পরে চুয়েটের নিজস্ব অ্যাম্বুল্যান্সে করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু
| ২৯ জুলাই, ২০২৬ ০৫:২২
