শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে রাউজানের বাগোয়ানে পাঁচখাইন দরগাহ্ ডা. মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয়ের আলহাজ্ব ছালে আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং এলাকার কৃতি সন্তান ডক্টর এম. সেলিম উদ্দীন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রাণী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রবাসী যুব পরিষদের সভাপতি মো. মাহাবুল আলম মুন্না ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন।
বিদ্যালয়ের শিক্ষক আখতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক অমল দাশ।
সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠদানে মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের দায়িত্বশীল অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শিক্ষানুরাগী আবু তাহের, মোহাম্মদ আলী, জানে আলম, এম. ইয়াকুব আলী, শিক্ষক দীপেষ বড়ুয়া, রবি শীল এবং অভিভাবক শাহানাজ আক্তার বক্তব্য দেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক এস. এম. নুর উদ্দিন, সন্তোষ দাশ, আবু তালেব রোমান, ধ্রুব চৌধুরী, প্রিয়া দাশ, রাজেশ বড়ুয়া, গোলক দাশ, বিশ্বজিৎ কুজু, রুবেল নাথ, শান্ত কুমার দেবনাথ, বাবলা বড়ুয়াসহ শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ডক্টর এম. সেলিম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এ ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের মধ্যে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা জরুরি।
সভা শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সরকারি বৃত্তিপ্রাপ্ত হয়ে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
রাউজানে পাঁচখাইন দরগাহ্ ডা. মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
গাজী জয়নাল আবেদীন, রাউজান: | ৩০ জুলাই, ২০২৬ ১০:০৮
