back to top
Monday, August 3, 2026

মাদক, ইভটিজিং ও মব ভায়োলেন্স রুখতে কঠোর অবস্থানে সরকার: – এমপি সরোয়ার আলমগীর

 ফটিকছড়ি প্রতিনিধি | ৩০ জুলাই, ২০২৬ ১৩:৪০

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভার মুখ্য উপদেষ্টা ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, মব ভায়োলেন্স এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ সময় তিনি সংসদীয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তরের বিষয়ে স্থানীয় জনগণকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে এমপি সরোয়ার আলমগীর বলেন, এ বিষয়ে এলাকার মানুষের ঐকমত্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাতিল হলে তা পুনরায় বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়তে পারে। পাশাপাশি ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সমৃদ্ধি ফটিকছড়ি বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ