back to top
Monday, August 3, 2026

লামায় আলোচিত মামলার আসামী গ্রেফতার করে প্রশংসাপত্র পেলেন উপ-পরিদর্শক সত্যজিতৎ বড়ুয়া

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি | ৩০ জুলাই, ২০২৬ ১৪:৩৫
একটি চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের প্রশংসাপত্র পেলেন বান্দরবান জেলার লামা থানা পুলিশের উপ-পরিদর্শক সত্যজিৎ বড়ুয়া। বাংলদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ দপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানিকভাবে তাকে এ প্রশংসাপত্র প্রদান করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান প্রশংসাপত্র তুলে দেন। এ সময় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান (পিপিএম), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ইন্টেলিজেন্স) সঞ্জয় সরকার উপস্থিত ছিলেন।
অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে সাফল্য অর্জন করায় ওইদিন চট্টগ্রাম রেঞ্জের ১৬ জন পুলিশ সদস্যকে এই প্রশংসাপত্র প্রদান করা হয়। ২৬ জুলাই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার চৌকস পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। তালিকার ১৬ নম্বর ক্রমিকে সত্যজিৎ বড়ুয়ার নাম অন্তর্ভুক্ত ছিল। অনুভূতি প্রকাশ করে এসআই (নিঃ) সত্যজিৎ বড়ুয়া বলেন, মামলা রুজুর পর বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় আমার নেতৃত্বে এএসআই প্রকাশ ঘোষসহ একটি বিশেষ অভিযান টিম গঠন করা হয়। ফলে আমরা সফল অভিযান পরিচালনা করে আসামি গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটন করি। তিনি আরও বলেন, চট্টগ্রাম রেঞ্জ থেকে প্রশংসাপত্র পাওয়াটা আমার পেশাগত জীবনের বিরাট সাফল্য। এতে আমি খুবই আনন্দিত, যা আমার কর্মক্ষেত্রের কাজের গতি ও উৎসাহ আরও বাড়িয়ে দেবে।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়ার চট্টগ্রাম রেঞ্জ থেকে প্রশংসাপত্র পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। আমি সত্যজিৎ বড়ুয়ার আরো উত্তোরোত্তর সাফল্য কামনা করি। প্রসঙ্গত, গত ২০ মে রাতে ঘটে যাওয়া বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালককে কুপিয়ে জখম করার মামলার রহস্য উদঘাটন করেন, লামা থানার এসআই (নিঃ) সত্যজিৎ বড়ুয়া। এরপর দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে সিএনজি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ