back to top
Monday, August 3, 2026

‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ

নুসরাত রুমু,নোয়াখালী | ০১ আগস্ট, ২০২৬ ১৩:৪৫

নোয়াখালীতে আয়োজিত ইসলামী মহাসমাবেশ থেকে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বক্তারা।

শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে, জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর এবং ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অভিযোগ করেন, ‘হিজবুত তাওহীদ’ সেবামূলক কার্যক্রমের আড়ালে মুসলমানদের বিভ্রান্ত করছে।

তিনি বলেন, সংগঠনটির কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, স্থিতিশীলতা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। এ কারণে সংগঠনটিকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার আমির মাওলানা নিজাম উদ্দিন।

এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, বিভিন্ন কওমি আলেম, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা ‘হিজবুত তাওহীদ’-কে নিষিদ্ধ ঘোষণা, তাদের প্রকাশিত বই-পুস্তক, পত্র-পত্রিকা ও ওয়েবসাইট বন্ধ এবং সংগঠনটির কার্যক্রম তদন্তের দাবি জানান।

এছাড়া দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ