back to top
Monday, August 3, 2026

লামায় রাবার শ্রমিক অপহরণ

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি | ০৩ আগস্ট, ২০২৬ ১০:৫২

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে বিদ্যাচন্দ্র ত্রিপুরা (৪২) নামের এক রাবার শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। উপজেলার লামা-গজালিয়া সড়কের ডিসি রোড নামক স্থান থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত বিদ্যাচন্দ্র ত্রিপুরা গজালিয়া ইউনিয়নের তংগঝিরি পাড়ার বাসিন্দা বিষম্ভ ত্রিপুরার ছেলে। অপহরণের ১৭ ঘন্টা পার হয়ে গেলেও অপহৃতের কোনো খোঁজ না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনেরা।
অপহৃতের স্ত্রী হামতি ত্রিপুরা জানান, তিনি ও তার স্বামী হাশেম কোম্পানির রাবার বাগানে রাবার শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মত রোববার (২ আগস্ট) দিনগত রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বিদ্যাচন্দ্র ত্রিপুরা গজালিয়া ডিসি রোড এলাকার একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি চাঁদের গাড়িতে করে আসা অস্ত্রধারী ১২- ১৩ জনের অজ্ঞাত পাহাড়ী সশস্ত্র ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। একই সময় রুবেল নামে আরও এক ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে গেলেও কিছুদূর যাওয়ার পর তাকে ছেড়ে দিয়ে বিদ্যাচন্দ্র ত্রিপুরাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
সোমবার (৩ আগস্ট) দুপুরে পর্যন্ত অপহৃতের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানান অপহৃতের বড় ভাই গঙ্গা চন্দ্র ত্রিপুরা। তিনি বলেন, আমার ভাই একজন নিরীহ রাবার শ্রমিক। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। অপহরণের ১৭ ঘন্টা পার হয়ে গেছে। এখনো কোন খোঁজ পাচ্ছিনা। তাকে দ্রুত জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, অপহরণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপহৃত বিদ্যাচন্দ্র ত্রিপুরাকে দ্রুত উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে নেমেছে।

আরও পড়ুন

সর্বশেষ