আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়িতে সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সম্ভাব্য আগমন উপলক্ষে মঙ্গলবার (৪ আগষ্ট) চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ফটিকছড়ির পাইন্দং সিএনবি মাঠে নির্মিতব্য হেলিপ্যাড স্থান ও অনুষ্ঠানস্থল আল জামেয়া ইসলামীয় আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে সম্ভাব্য আগমনস্থল, অনুষ্ঠানস্থল এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
এ সময় সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, যানবাহন চলাচল এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। বিভাগীয় কমিশনার ও ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হেলিপ্যাড ও অনুষ্ঠানস্থল বাবুনগর মাদ্রাসা পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আধ্যাত্মিক জনপদ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন। মাইজভাণ্ডার দরবার শরীফের পক্ষ থেকে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (সা.) ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ভারপ্রাপ্ত সভাপতি হযরত শাহসূফী সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান।
পরে বিভাগীয় কমিশনার হযরত গাউসুল আজম শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী(ক.),হযরত শাহসূফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারী(ক.),হযরত অছি-এ গাউসুল আজম শাহসূফী সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী(ক.),হযরত বিশ্বঅলি শাহানশাহ্ শাহসূফী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.), শাহসূফী সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারী(রহ.) এবং শাহসূফী ডা. সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(রহ.)এর পবিত্র রওজা শরীফ জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী,ফটিকছড়ি নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক আজিজ, ফটিকছড়ি থানা অফিসার্স ইনচার্জ কর্মকর্তা রবিউল আলম খানসহ বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
