back to top
Saturday, September 5, 2026

নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নুশরাত রুমু, নোয়াখালী | ০৮ আগস্ট, ২০২৬ ০৫:৪১

নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টা থেকে শুক্রবার (৭ আগস্ট) রাত দেড়টা পর্যন্ত বেগমগঞ্জের চৌমুহনী আধুনিক বাস টার্মিনাল এলাকা এবং সোনাইমুড়ী বাইপাস এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের মো. আব্দুল হক ওরফে আব্দুল্লাহ (২৮) এবং নুরে আলম ওরফে চৌধুরী (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, কুমিল্লা ও ফেনী থেকে মোটরসাইকেলের মাধ্যমে নোয়াখালীতে ইয়াবা পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী ও র‍্যাব-১১ সিপিসি-৩-এর সমন্বয়ে একটি যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এবং সোনাইমুড়ী বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

অভিযানে প্রথমে চৌমুহনী বাস টার্মিনাল এলাকা থেকে আব্দুল হককে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা এবং তিনি যে মোটরসাইকেলে ছিলেন, তার টুলবক্স থেকে আরও ১ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার কাছ থেকে মোট ৫ হাজার ৮৭০ পিস ইয়াবা, একটি হিরো এক্সট্রিম মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে সোনাইমুড়ী বাইপাস এলাকায় নুরে আলমকে আটক করে তার দেহ থেকে ১ হাজার ৯৬০ পিস এবং মোটরসাইকেলের টুলবক্স থেকে আরও ১ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার কাছ থেকে মোট ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, একটি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি জানায়, উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ৯ হাজার ৭৯০ পিস। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বেগমগঞ্জ মডেল থানা ও সোনাইমুড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ