চট্টগ্রামের রাউজানে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার সংবাদ পাওয়ার পর মনি দাশ গুপ্ত (১৮) নামে এক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পরপরই উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি সুনীল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
তবে মনির মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে এটি আত্মহত্যা বলে আলোচনা হলেও পরিবারের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশও নিশ্চিত কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে।
নিহত মনি দাশ গুপ্ত একই বাড়ির মৃদুল দাশ গুপ্তের মেয়ে। সে গশ্চি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত এসএসসি পরীক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন নবী জানান, মনি এবার ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে গণিতে উত্তীর্ণ হলেও ইংরেজিতে অকৃতকার্য হয়। তিনি বলেন, প্রথমে শুনেছি ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার সংবাদ পেয়ে সে আত্মহত্যা করেছে। পরে আবার কারও কাছে শুনলাম হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। প্রকৃত ঘটনা কী, তা আমি জানি না।’
স্থানীয় কয়েকজন নারীর সঙ্গে কথা বলে জানা যায়, ফল প্রকাশের সময় মনির মা রেবা দাশগুপ্ত বাড়ির বাইরে রান্নার জন্য পাতা কুড়াতে গিয়েছিলেন। এ সময় মনি বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিল। এক নিকটাত্মীয় এসে তাকে পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার কথা জানান। এরপর মনি একা একটি কক্ষে চলে যায়। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরে এসে তাকে শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে স্থানীয়রা জানান। তিনি চিৎকার দিয়ে উঠলে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দ্রুত তার সৎকার সম্পন্ন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতের মা রেবা দাশগুপ্ত বলেন, আমি পাতা কুড়াতে গিয়েছিলাম। ঘরে এসে দেখি অচেতন অবস্থায় পড়ে আছে। পথেরহাট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ফল প্রকাশের দশ মিনিটের মধ্যে এমন ঘটনা ঘটেছে। এবার শুধু দুই বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল করেছে। তাই বলে এমন হবে আমি ঘুণাক্ষরেও ভাবিনি। আগে জানলে আমি বাইরে যেতাম না।
তবে, তিনি মেয়ের আত্মহত্যার বিষয়টি এড়িয়ে যান। তিনি দাবী করে জানান, ফলাফল প্রকাশের পর ফেল করার সংবাদ শুনে তার মেয়ে স্টোক করে মৃত্যু বরণ করেছে। এর বাইরে তিনি কিছুই জানেন না। এবং বলতে পারবে না।
নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালের সুপারভাইজার ওসমান গণি বলেন, ফল প্রকাশের প্রায় এক ঘণ্টা পর একজন এসএসসি পরীক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি। এ কারণে হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে, মনি আত্মহত্যা করেছে এমন কোনো খবর সোমবার পুলিশ পায়নি বলে জানিয়েছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুজ্জামান। তিনি বলেন, আমাদের কাছে আত্মহত্যা করেছে এমন কোনো সংবাদ গতকাল পাইনি। তবে আজ (মঙ্গলবার) শুনেছি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত না হওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। পুলিশ বিষয়টি যাচাই করে দেখছে।
রাউজানে অকৃতকার্য হওয়ার সংবাদে এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি হৃদরোগে মৃত্যু, এলাকায় আত্মহত্যার গুঞ্জন
গাজী জয়নাল আবেদীন, রাউজান: | ১১ আগস্ট, ২০২৬ ১৩:৩১
