পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীপ্রেম ও সম্প্রীতির বার্তা নিয়ে চট্টগ্রামের রাউজানে আধ্যাত্মিক ও মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান পৌরসভা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য স্বাগত জুলুছ। তীব্র রোদ উপেক্ষা করে এতে হাজার হাজার নবীপ্রেমিক মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলুছটি রূপ নেয় বিশাল জনসমুদ্রে। নাতে রাসূল, গজল ও নারায়ে তাকবির-নারায়ে রিসালাতের ধ্বনিতে মুখর হয়ে ওঠে রাউজানের রাজপথ ও আকাশ-বাতাস।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টায় গহিরা কামিল মাদরাসা ময়দান থেকে জুলুছটি শুরু হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীপ্রেমের আবেগ ও ইসলামী ভ্রাতৃত্বের চেতনায় উদ্বেলিত মুসল্লিরা এতে অংশ নেন। জুলুছে অংশগ্রহণকারীদের কণ্ঠে উচ্চারিত হয় ‘নারায়ে তাকবির’ ও ‘নারায়ে রিসালাত’ স্লোগান। পাশাপাশি ‘ইয়া নবী সালাম আলাইকা’, ‘ইয়া রাসূল সালাম আলাইকা’ এবং ‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম’সহ বিভিন্ন নাতে রাসূল ও গজলের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো জুলুছ।
প্রায় ছয় কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেন আগত মুসল্লিরা। গহিরা থেকে শুরু হয়ে জুলুছটি রাঙ্গামাটি মহাসড়ক ও জলিল নগর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে রাউজান আবসার মার্কেটস্থ খানকাহ-এ কাদেরীয়া তৈয়্যবীয়া তাহেরিয়ায় গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জুলুছের সমাপ্তি ঘটে।
তীব্র রৌদ্রের মধ্যেও জুলুছে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন স্মরণে আয়োজিত এ জুলুছকে ঘিরে মুসল্লিদের মধ্যে ছিল ঈদের আমেজ। নবীপ্রেমের পাশাপাশি হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা পরিহার করে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
জুলুছে সদারত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। উদ্বোধক ছিলেন গহিরা আলীয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার কেবিনেট মেম্বার মুহাম্মদ তৌহিদুল করিম। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি এস এম ইয়াছিন হোসাইন হায়দারী। এছাড়াও সংগঠনটি উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীপ্রেম, ঈমানি চেতনা ও ইসলামী ভ্রাতৃত্বের আবহে আয়োজিত এ স্বাগত জুলুছ রাউজানে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
নবীপ্রেম ও সম্প্রীতির বার্তা নিয়ে রাউজানে গাউসিয়া কমিটির সর্ববৃহৎ স্বাগত জুলুছ
গাজী জয়নাল আবেদীন, রাউজান | ১৪ আগস্ট, ২০২৬ ১৬:১৮
