‘আমি ফ্যামিলি কার্ড চাই না, মাদকমুক্ত সুখী পরিবার চাই’ -মাদকের ভয়াল ছোবলে সন্তান ও সংসার ধ্বংস হয়ে যাওয়া এক বিধবা মায়ের এমন আকুতি উঠে এসেছে রাউজানে সমাজ সংস্কার ও মাদকবিরোধী মতবিনিময় সভায়। নিজের চোখের সামনে মাদকের কারণে পরিবারের ভেঙে পড়ার করুণ চিত্র তুলে ধরে উপজেলা প্রশাসনের কাছে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান চিকদাইর ইউনিয়নের উত্তর পাঠানপাড়ার বাসিন্দা দিলু আক্তার।
সোমবার বিকেলে উত্তর পাঠানপাড়া গ্রামে আয়োজিত এ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসীর মতবিনিময় সভায় মাদক নির্মূল, সামাজিক অবক্ষয় রোধ, তরুণ প্রজন্মকে সুরক্ষা এবং এলাকায় শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম।
সভায় ইউএনও বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এর পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ, কর্মসংস্থানের সুযোগ এবং নৈতিক মূল্যবোধের বিকাশ নিশ্চিত করতে হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। স্থানীয় জনগণের চাহিদা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দায়িত্বশীল ব্যক্তি ও সমাজপতিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও কার্যকর করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ মাদক ব্যবসা বা মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। কোনো কারণে তা সম্ভব না হলে বিষয়টি তাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাউজান গড়তে স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সমাজহিতৈষী ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজগরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদ্য অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও এলাকার কৃতী সন্তান মোহাম্মদ বাচা মিয়া, জেলা স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ আলী সুমন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. তানভীর, সমাজের সর্দার কামাল মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ ও সহসাংগঠনিক সম্পাদক তানভীর শয়ন।
মো. বাহাদুরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমাজের সর্দার মো. রিদুয়ান। বক্তারা চিকদাইর উত্তর পাঠানপাড়াকে মাদকের বিস্তার থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
এর আগে গত ৪ আগস্ট মাদকের বিষাক্ত ছোবল থেকে স্বামী, সন্তান ও স্বজনদের রক্ষার দাবিতে কয়েকজন নারী স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করা হয়।
ফ্যামিলি কার্ড চাই না, মাদকমুক্ত সুখী পরিবার চাই -মাদকাসক্ত সন্তানের মা দিলু আক্তার
গাজী জয়নাল আবেদীন, রাউজান | ১৯ আগস্ট, ২০২৬ ০৪:৫১
