পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। রোববার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। মতবিনিময়ে পাহাড়ের বর্তমান পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, উন্নয়ন ও জনকল্যাণের নানা বিষয় উঠে আসে।

ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বাড়াতে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ জন্য সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জরুরি।
সাক্ষাৎকালে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা খাগড়াছড়ির শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে উভয় পক্ষ পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।
