back to top
Saturday, September 5, 2026

রাঙামাটিতে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা

রাঙামাটি প্রতিনিধি | ৩১ আগস্ট, ২০২৬ ০৯:৩৭

পাহাড়, বনজঙ্গল ও প্রবল বৃষ্টির জন্য স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে রাঙামাটিতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ম্যালেরিয়া ও ডেঙ্গুর ঝুঁকি এড়াতে সোমবার (৩১ আগষ্ট) রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় থেকে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

জেলা শহরসহ পুরো জেলায় মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের মোট ম্যালেরিয়া আক্রান্তের সিংহভাগই পার্বত্য জেলাগুলোতে, যার মধ্যে জুরাছড়ি, বিলাইছড়ি, বাঘাইছড়ি ও বরকল উপজেলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে পাহাড়ি এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে।

এনোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া এবং এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। উভয় রোগের উপসর্গ হিসেবে তীব্র জ্বর, মাথাব্যথা, শরীরে ব্যথা ও বমি ভাব দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে রক্তে প্লাটিলেট কমে যাওয়া বা অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে প্রাণহানি ঘটতে পারে।

স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, ঘুমানোর সময় বাধ্যতামূলক কীটনাশকযুক্ত মশারির ব্যবহার, ঘরের আশপাশে ডাবের খোসা, টায়ার বা ফুলের টবে ৩ দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া, বনাঞ্চল বা ঝোপঝাড়ে চলাচলের সময় গা ঢাকা পোশাক পরতে হবে।

রাঙামাটি সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা বলেন, জ্বর হলেই অবহেলা না করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত রক্ত পরীক্ষা করা জরুরি। রাঙামাটিকে ম্যালেরিয়া ও ডেঙ্গুমুক্ত করতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ