back to top
Saturday, September 5, 2026

নজরুল বর্ষ উপলক্ষে নোয়াখালীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

নুশরাত রুমু, নোয়াখালী : | ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নোয়াখালীতে ‘নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সাংস্কৃতিক অবদান এবং সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা তাদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ