চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার টিএন্ডটি অফিসের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া এলাকার নাজির হোসেন ওরফে নাদির (৩৮) ও মো. শফিক (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) রুবেল চন্দ্র সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দক্ষিণ জলদী এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ আরও জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
