back to top
Saturday, September 5, 2026

লংগদুতে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ আটক ৯ রোহিঙ্গা

রাঙামাটি প্রতিনিধি | ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩৫

রাঙামাটির লংগদু উপজেলার নারীসহ নয়জন রোহিঙ্গা আটক করা হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, বুধবার দুপুরে উপজেলার মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে নারীসহ নয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- মো. সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মো. হোসেন, তৈয়ব, সাবিকুন, তহুরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বুধবার দুপুরে রাঙামাটি জেলা শহরের রির্জাব বাজার থেকে স্পিডবোটে ১২ জনের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়ে মাইনীমুখ বাজারে এসে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় নয়জনকে আটক করা হয়। তবে তিনজন ঘটনাস্থল থেকে চলে যেতে সক্ষম হন বলে জানা গেছে।

আটকরা নিজেদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করেছেন এবং নিজেদের রোহিঙ্গা হিসেবে দাবি করেছেন। আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে লংগদুতে এসেছিলেন এবং তাদের সঙ্গে থাকা অন্য তিনজনের পরিচয় কী, এসব বিষয়ও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে বলেন, আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ