back to top
Tuesday, October 20, 2026

খাগড়াছড়ির গুইমারায় চুরি হওয়া তিন গরু উদ্ধার, গ্রেপ্তার ১

শ্যামল রুদ্র , রামগড় (খাগড়াছড়ি) | ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১০

খাগড়াছড়ির গুইমারায় চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. আমির হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) গরুগুলো চুরি হয়। আজ শনিবার সকালে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবদুর রহিম ওরফে বাপ্পি গতকাল দুপুরে আনসার ব্যাটালিয়নের সামনের একটি খালি জায়গায় তাঁর তিনটি গরু ঘাস খাওয়ার জন্য রেখে যান। বিকেল ছয়টার দিকে গরু আনতে গিয়ে তিনি দেখেন, সেগুলো নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাননি।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি তিনটি গরু নিয়ে মহালছড়ির দিকে যাচ্ছেন। পরে গুইমারা থানার পুলিশ সাংগুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কাছে অভিযান চালিয়ে তিনটি গরুসহ আমির হোসেনকে আটক করে। স্থানীয় লোকজনও অভিযানে পুলিশকে সহযোগিতা করেন। পুলিশের ভাষ্য, আটক আমির হোসেন গরুগুলোর মালিকানার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে খবর পেয়ে আবদুর রহিম ঘটনাস্থলে গিয়ে গরু তিনটি তাঁর বলে শনাক্ত করেন। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় গুইমারা থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে খাগড়াছড়ি আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে

আরও পড়ুন

সর্বশেষ