back to top
Tuesday, October 20, 2026

বিআরডিবির সেবায় ডিডিআরসির প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির আহবান

অনলাইন ডেস্ক | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১০

আজ মঙ্গলবার চট্টগ্রামের লালখান বাজারস্থ একটি রেস্টুরেন্টে ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি), এসোসিয়েশন ফর উইম্যান ইম্পাউয়ারমেন্ট এন্ড চাইল্ড রাইটস (এওয়াক) এবং যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে শিশু ও যুব প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন কর্মসূচিতে অর্থবহ অংশগ্রহণ বিষয়ে বিআরডিবির সঙ্গে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও লিলিয়ানা ফন্ডসের সহযোগিতায় পরিচালিত কার্যক্রমের অংশ।

সভায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবি, চট্টগ্রামের উপপরিচালক জনাব মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব ইয়াসমিন পারভীন এবং এওয়াকের প্রধান নির্বাহী জনাব সফিউল আজম সিরাজী। সভাপতিত্ব করেন ডিডিআরসির নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ। এছাড়া বিআরডিবির রাঙ্গুনিয়া, পাঁচলাইশ ও বাঁশখালী এলাকার আরডিও, প্রতিবন্ধী যুব প্রতিনিধি ও কেয়ারগিভাররা অংশগ্রহণ করেন।

সভায় ডিডিআরসি, এওয়াক ও যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা প্রতিবন্ধী শিশু ও যুবদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তাদের বিআরডিবির বিভিন্ন সেবা, প্রশিক্ষণ ও আয়মুখী কার্যক্রমে সম্পৃক্ত করার প্রস্তাব দেন। বিআরডিবির কর্মকর্তারা তাদের সেবাসমূহ সম্পর্কে অবহিত করেন এবং কর্মএলাকায় প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন কর্মসূচিতে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিআরডিবির সেবাকেন্দ্রগুলো প্রতিবন্ধীবান্ধব ও প্রবেশগম্য করার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়।

প্রধান অতিথি জনাব মোশাররফ হোসেন বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।” তিনি জানান, বিআরডিবির কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান নীতিগত ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বিআরডিবির প্রতিটি দল বা সমিতিতে অন্তত একজন প্রতিবন্ধী ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ এবং এ বিষয়ে মাঠকর্মীদের অবহিত করার কথা জানান।

এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী প্রতিবন্ধী ব্যক্তিদের বিআরডিবির বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি গ্রামীণ নারীদের হস্ত ও কুটির শিল্পের উপকরণ এবং প্রশিক্ষণের সুযোগ সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমিন পারভীন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বলা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে; তাদের বাদ দিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সভা শেষে ডিডিআরসি, এওয়াক ও যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বিআরডিবির সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রশিক্ষণ, ঋণ, দক্ষতা উন্নয়ন এবং মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ