back to top
Tuesday, October 20, 2026

মাইজদীতে প্রগতি লেখক সংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

| ১০ অক্টোবর, ২০২৬ ১২:৫১

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালীর মাইজদীতে কবি, লেখক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের মাস্টারপাড়ায় অবস্থিত এনআরডিএস মিলনায়তনে নোয়াখালী জেলা প্রগতি লেখক সংঘের উদ্যোগে এ আড্ডার আয়োজন করা হয়। এতে সাহিত্যচর্চা, ভ্রমণ-অভিজ্ঞতা বিনিময় এবং নিজেদের সৃষ্টিকর্ম পাঠের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রগতি লেখক সংঘের সহসভাপতি ও সেনবাগের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মমিন উল্যাহ (ইমরুল মমিন)। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম আকবর।

আলোচনার শুরুতে খাগড়াছড়ি ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন উপস্থিত কবি ও লেখকেরা। ভ্রমণের স্মৃতিচারণের পাশাপাশি পাহাড়ি জনপদের প্রকৃতি, পরিবেশ ও ভ্রমণ-অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। এ সময় ভবিষ্যতে সুন্দরবন ভ্রমণের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সাহিত্যচর্চার পাশাপাশি প্রকৃতি ও দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যকে কাছ থেকে জানার এ ধরনের উদ্যোগ লেখকদের অভিজ্ঞতার পরিধি সমৃদ্ধ করবে বলে আলোচনায় উঠে আসে।

পরে উপস্থিত কবি ও লেখকেরা নিজেদের লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ পাঠ করেন। তাঁদের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সাহিত্য আড্ডাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ আয়োজনের মধ্য দিয়ে লেখকদের পারস্পরিক ভাববিনিময়, সৃজনশীল চর্চা এবং সাহিত্যিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয়।

আড্ডায় উপস্থিত ছিলেন কবি ও লেখক মোহাম্মদ আলমগীর, কবি শামীমা আরজু, কবি মানিক মজুমদার, কবি, নাট্যাভিনেতা আহসান উল্যাহ রিপন, লেখক ও ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান মোহন, নবীন কবি ও শিক্ষক মোহাম্মদ আবু নাসের, লেখক ও সাংবাদিক আবু নাসের মঞ্জু এবং মহি উদ্দিন মিলন।

সমাপনী পর্বে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের।

আরও পড়ুন

সর্বশেষ