ফটিকছড়ি প্রতিনিধি
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর ৩৮তম ২৬ শে আশ্বিন উরস্ শরিফ আজ ১১ অক্টোবর রবিবার মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মন্জিলে মহাসমারোহে উদযাপিত হচ্ছে।
বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস্ শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত দশটায় কেন্দ্রিয় আলোচনা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত আল্লামা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।
উরস্ শরিফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উরস এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উরস শরিফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ মন্জিলের স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
উরস শরিফ উপলক্ষে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’এর গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার এতিমখানাসমূহের ছাত্র-ছাত্রীদের মাঝে একবেলা খাবার সরবরাহ, উপদেশমূলক, দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ গেইট পর্যন্ত বিটিআরটিসি’র দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যেগ গ্রহণ করা হয়। রওজা শরিফ মাঠ হতে শান-ই আহমদিয়া গেইট পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচির মাধ্যমে ৮ দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত হবে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গত তিনদিন ধরে আশেকভক্তগণ আসছেন। ইতোমধ্যে মুখরিত হয়ে উঠেছে মাইজভাণ্ডার শরীফ।
সরজমিনে দেখা যায় গরু মহিষ ছাগলসহকারে হাদিয়া মিছিল নিয়ে উরস শরীফে দলে দলে অংশগ্রহণ করছেন আশেকভক্তগণ। রওজা শরীফে চলছে মিলাদ ক্বেয়াম,জিকির আজগার,কোরআন তেলেওয়াত।
ক্যাম্পে ক্যাম্পে চলছে ঢোল বাদ্য বাজনা,সেমা মাহফিল ও মাইজভাণ্ডারি গানের পরিবেশনা।
এক কথায় মহান উরস শরীফের ফয়েজ বরকত হাসিলের আশায় রত রয়েছেন আশেকভক্তবৃন্দ।
আজ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র উরস শরিফ
নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর, ২০২৬ ০৬:১৪
