back to top
Tuesday, October 20, 2026

বাঁশখালীতে সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

তৌহিদ-উল বারী বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: | ১১ অক্টোবর, ২০২৬ ১১:০৫

চট্টগ্রামের বাঁশখালীতে সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বাঁশখালী গার্লস কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সৃজন সাংস্কৃতিক সংসদ।

সৃজন সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে এবং বৃত্তি প্রকল্প পরিচালক মিসবাহ উল হক ইমন ও শাহরিয়ার মোহাম্মদ শাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৃজন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা, বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশেকুর রহমান চৌধুরী, এডভোকেট ইমরানুল হক, এডভোকেট আরিফুল হক তায়েফ, এডভোকেট রাকিবুল ইসলাম, প্রিয় বাঁশখালীর সম্পাদক কাজী শাহরিয়ার, উপদেষ্টা রফিক আহমদ, আব্দুর রশিদ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞান অর্জন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশেও গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ৮ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষায় ১৮জন ট্যালেন্টপুল, ২১ জন এ গ্রেড এবং ৪৬জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন।

উল্লেখ্য, সৃজন সাংস্কৃতিক সংসদ ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সৃজন মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। বর্তমানে ৯ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন চলমান আছে।

আরও পড়ুন

সর্বশেষ