back to top
Tuesday, October 20, 2026

সীতাকুণ্ডে কোস্ট গার্ড-মৎস্য দপ্তরের যৌথ অভিযান: ৭ টন ইলিশ জব্দ, জরিমানা ৩ লাখ ৮০ হাজার টাকা

মোঃ আমজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: | ১২ অক্টোবর, ২০২৬ ১১:০৩

মা ইলিশ সংরক্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৪টি অবৈধ মাছ ধরার নৌকা আটক, ৭ টন ইলিশ মাছ এবং প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে। অভিযানে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

১১ অক্টোবর দুপুর ১২টা থেকে ১২ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ঘাট থেকে সলিমপুর ঘাট পর্যন্ত গভীর সাগরে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড, চট্টগ্রাম এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখা যৌথভাবে অংশ নেয়।

অভিযানে জব্দ করা ৭ টন ইলিশ মাছের আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ টাকা। এ ছাড়া জব্দ করা প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল ও ইলিশ ধরার জালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন এতিমখানা, অনাথ আশ্রম এবং দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে উপস্থিত সবার সম্মুখে বিতরণ করা হয়।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ্ বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের প্রজনন মৌসুমে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জেলেদের সচেতন করার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “জব্দ করা ইলিশ মাছ এতিমখানা, অনাথ আশ্রম এবং অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় জেলে, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি সম্ভব।”

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সর্বশেষ