চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে সোমবার (১৯ অক্টোবর) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। এ সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মহাঅষ্টমীতে তাঁরা শীলকূপ সার্বজনীন কৈবল্য যুব সংঘ দুর্গোৎসব, শীলকূপ সার্বজনীন পল্লী মঙ্গল যুব সংঘ দুর্গোৎসব, শীলকূপ সার্বজনীন ধ্রুব সংঘ দুর্গোৎসব এবং শীলকূপ নোয়াপাড়া সার্বজনিক শ্রীশ্রী মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন তাঁরা। পাশাপাশি পূজার সার্বিক আয়োজন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্রের নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সবাই একসঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে নিজ নিজ ধর্ম পালন করব। যার মানবিকতা নেই, তার ধর্ম নেই।
এ সময় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কমিটির সদস্যসচিব অরুন জয় ধর, শীলকূপ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. ইউনুস, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রবিউল আলম, শীলকূপ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ফজল কাদের, বাঁশখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধি মাস্টার সাগর সুশীল, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার ও মোহাম্মদ ফিরোজ সিকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুসরাত আলম, সাংবাদিক প্রতিনিধি শিব্বির আহমদ রানা, স্বাস্থ্য সহকারী পারেসুল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জানে আলমসহ আরও অনেকে।
