মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত লেখক, সাংবাদিক ও রাজনীতিক। তিনি ২২ আগস্ট ১৮৭৫ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা-আড়ালিয়ার চর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাচীন চট্টগ্রামের নাম ইসলামাবাদের অনুসারে নামের শেষে ‘ইসলামাবাদী’ শব্দ গ্রহণ করেন। পারিবারিক পরিমণ্ডলে তার শিক্ষাজীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষা সমাপনের পর উচ্চশিক্ষার জন্য কলকাতা গমন করেন।পশ্চিমবঙ্গের হুগলি সরকারি মাদরাসা থেকে ১৮৯৫ খ্রিস্টাব্দে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। আরবি, উর্দু, ফারসি ভাষায় প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেও বাংলা ভাষা চর্চায় ছিল বিশেষ মনোযোগ।
মাওলানা ইসলামাবাদী শিক্ষাজীবন শেষে রংপুর হারাগাছ মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদরাসা অধ্যক্ষ হিসেবে কিছুদিন চাকরি করেন।শিক্ষকতার পাশাপাশি ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। সে সময় বাংলা-আসামে বিভিন্ন স্কুল, মাদরাসা স্থাপনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।কলকাতা থাকাকালীন মাওলানা জৈনপুরীর আদর্শে ইসলাম প্রচার, স্যার সৈয়দ আহমেদ খানের আদর্শে মুসলিম জাগরণ, নওয়াব আব্দুল লতিফের আদর্শে শিক্ষা বিস্তার ও জামাল উদ্দিন আফগানির ইসলামী ভ্রাতৃত্ববোধে প্রভাবিত হন।
শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক এমরান চৌধুরী কর্তৃক প্রকাশিত “যুগের প্রতীক মওলানা মনিরুজ্জমান এছলামাবাদী” বইটিতে মনিরুজ্জমান এছলামাবাদী শৈশব-কৈশোরের দুরন্তপনার কিছু ঘটনার মধ্যে ১৮৮৬ খ্রি. শহরে মহরমের খেলা দেখতে ৫/৬ বন্ধু যুক্তি করে মক্তব পালায়ন। টাকা-পয়সা ছাড়া অচেনা শহরে শেষমেশ তাঁরা আশ্রয় নিয়েছিলেন খাতুনগঞ্জের হামিদুউল্লা খাঁর মসজিদের বারান্দায়।
প্রাবন্ধিক ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী তার একটা লেখায় প্রকাশ করেন মনিরুজ্জমান এছলামাবাদী মাদ্রাসা পড়াকালীন হেড মাওলানা কুতবুল আলম পীরে কামেল হযরত শাহ মাওলানা সুফি গোলাম সালমান আব্বাসী (রহ.) ছাত্র থাকা অবস্থায় মনের মধ্যে পরিবর্তন এসে যায়। এবং সুফিজম তাসাওউফের প্রতি অগাত বিশ্বাস ও শ্রদ্ধা করতে থাকেন। এছলামাবাদীর তাঁর আত্মজীবনীতে স্বীকার করেছেন প্রাবন্ধিক উল্লেখ করেছেন। মওলানা মনিরুজ্জমান এছলামাবাদী ২০ বছর বয়সে তথা ১৮৯৫ খ্রী. চট্টগ্রাম থেকে মাইজভান্ডার গমন করেন হযরত শাহ মাওলানা আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর
সান্নিধ্যে গিয়ে জীবিকা নির্বাহের জন্য মুক্তারী(আইনপেশা) পরীক্ষা দেয়ার ইচ্ছা তার। এতে তিনি হযরত মাইজভান্ডারের উপদেশ কামনা করেন এবং দোয়া চাইলেন। এছলামাবাদীর বারে বারে আগ্রহের কারণে হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারী কুরআনের একটি আয়াত পাঠ করলেন। এর অর্থ আল্লাহপাকের উপর নির্ভর করা মানুষের কর্তব্য। আল্লাহপাক যাকে ইচ্ছা করেন তাকে রিজিক দান করেন। এতে মাওলানা এছলামাবাদী নিজে নিজে বুঝতে পারেন রিজিক আল্লাহপাক প্রদত্ত। আল্লাহপাকের উপর নির্ভর করে থাকা মানুষের কর্তব্য।
আরো কিছু তথ্য উল্লেখ করার মতো মওলানা মনিরুজ্জমান এছলামাবাদী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত প্রথম উল্লেখযোগ্য সংবাদপত্র ‘সাপ্তাহিক ছোলতান’। এটি প্রথম প্রকাশিত হয় ১৯০৩ সালে চট্টগ্রাম থেকে। পরবর্তী পর্যায়ে পত্রিকাটির অফিস কলকাতায় স্থানান্তরিত হয়। বিট্রিশ কালাকানুন এবং অর্থ সংকটের কারণে সাপ্তাহিক ছোলতান ১৯১০ সালে প্রকাশনা বন্ধ হয়ে যায়। ছোলতান পত্রিকা বন্ধ হওয়ার কারণ প্রসঙ্গে উল্লেখ করে তাঁর “হতাশ জীবন” এ লিখেছেনঃ
১৯০৩ খ্রিস্টাব্দে ‘বঙ্গীয় মুসলমান শিক্ষা সমিতি’ ও ‘ছোলতান পত্রিকা’ পরিচালনাকালে জীবন সংগ্রামে অর্থ সংকটের পালা আরম্ভ হয়। ১৯০৯ খ্রীস্টাব্দ পর্যন্ত অতি কষ্টে শত দুঃখ দৈন্য ও অভাব অনটনের ভিতর দিয়া ‘ছোলতান পত্রিকা’ পরিচালনা করি। ১৯১০ অব্দে চট্টগ্রামের অর্থ সাহায্যে আবার ‘ছোলতান’ অফিস চট্টগ্রামে স্থানান্তর করি। কিন্তু মাক এয়াকুব আলী দোভাষীর হঠাৎ মৃত্যুতে একটি বৎসর পর আবার অর্থ পায় সঙ্কটে ছোলতান কাগজ বন্ধ হইয়া যায়।১৯২৩ সালে ৪৭/১, মির্জাপুর স্ট্রিট, কলিকাতা থেকে মওলানা মনিরুজ্জমান এছলামাবাদী ও কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর যৌথ পরিচালনায় ‘সাপ্তাহিক ছোলতান’ পত্রিকাটি আবার নব পর্যায়ে প্রকাশিত হয়। মাত্র তিন বছরের মাথায় সাপ্তাহিকটি দৈনিকে রূপান্তরিত হয়। ১৯২৬ খ্রী. মওলানা মনিরুজ্জমানের একক কর্তৃত্বে প্রকাশিত হয় দৈনিক ছোলতান। ছোলতান পত্রিকায় সমাজ,রাজনীতি বিষয়ক লেখা ছাড়াও সামাজিক দিক দিয়ে মুসলিম সমাজের উন্নয়ন পত্রিকাটির মুখ্য ভূমিকা ছিল। দুই বছরের কম সময়ে মধ্যে Sultan Board of Trustee এর সহিত মতের অমিল হওয়ায় মওলানা এছলামাবাদী ‘ছোলতান’ কাগজের সাথে সম্পূর্ক ছেড়ে দেন। চট্টগ্রামের শৌখিন এন্টিক সংগ্রাহক ও সমাজসেবী তারিকুল ইসলাম জুয়েল ভাইয়ের কাছে ১৯৩০ খ্রিস্টান্দের বিরল দৈনিক ছোলতান পত্রিকাটি সংগ্রহে দেখতে পেয়েছি। সেই পত্রিকায় বিট্রিশ বিরোধী আন্দোলনের অন্যতম কিংবদন্তি ও চট্টগ্রামের মাস্টার দা সূর্যসেনকে ৫০০০ হাজার টাকার বিনিময়ে ধরিয়ে দেওয়ার সংবাদ ছাপা দেখতে পাই।
মওলানা মনিরুজ্জমান এছলামাবাদী চট্টগ্রামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন কিন্তু তহবিলের অভাব এবং তৎকালীন পরিস্থিতি তার প্রচেষ্টায় অনুকূলে ছিলো না ।
কথাশিল্পী অধ্যাপক আবুল ফজল দুঃখভরে লিখেছেন : ‘মনিরুজ্জামান সারা জীবনই সমাজ সম্বন্ধে ভেবেছেন, চিন্তা করেছেন, স্বপ্নের বীজ বপন করতে চেয়েছেন বহু ক্ষেত্রে। মাটি অনুকূল ছিল না বলে হয়তো এসব বীজের অনেকগুলোই অঙ্কুরিত হতে সুযোগ পায়নি।’ কিন্তু মনিরুজ্জমান মনে দুঃখীদের ক্রন্দন ও জাতির হতাশা তাঁকে সবসময় অস্থির রেখেছিল। তিনি নিজের আত্মসুখ ত্যাগ করে পরদুঃখ লাঘবে ঝাঁপিয়ে পড়তেন ।তিনি পিতা মাতা হীন এতিমদের জন্য শিক্ষার সম্প্রসারণে ১৯৩০ খ্রি. প্রতিষ্ঠাতা করেন চট্টগ্রামের কদম মোবারক মুসলিম এতিমখানা। এছাড়া কদম মোবারক এম. ওয়াই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।বর্তমান কদম মোবারক এতিমখানা পরিচালানা কমিটির প্রতি আমার বিশেষ অনুরোধ যুগোপযোগী পড়ালেখার পাশাপাশি এতিমখানার ছাত্রদের বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবধর্মী ও হাতে কলমে কারিগরি শিক্ষা ব্যবস্থা করা। যে শিক্ষার মাধ্যমে ছাত্রদের তথ্য প্রযুক্তি,শিল্প, কৃষি ও কলকারখানার যন্ত্রপাতি ব্যবহারের জন্য আধুনিক ও বিজ্ঞান সম্মতভাবে প্রশিক্ষনের সুযোগ তৈরি করা।
বিট্রিশ বিরোধী আন্দোলনেরঅগ্রনায়ক,
উপমহাদেশের মুসলিম সাংবাদিকতার পথিকৃত মুসলিম জাতির জন্য আন্দোলন সংগ্রাম করতে করতে ১৯৪৭ সালে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। আর্থিকভাবেও তখন তিনি দৈন্যদশায় পতিত হন। অনেকটা নীরবে, অবহেলায়–অনাদরে ১৯৫০ সালের ২৪ অক্টোবর ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। অসিয়ত অনুযায়ী তাঁর প্রতিষ্ঠিত চট্টগ্রাম শহরের কদম মোবারক মুসলিম এতিমখানা ও নবাব ইয়াসিন খান মসজিদ চত্বরে তাকে দাফন করা হয়। মহীরুহ শিক্ষাবিদ মওলানা মনিরুজ্জামান এছলামাবাদী ৭৫ তম মৃত্যু দিবসে বিনম্র শ্রদ্ধা।
মওলানা মনিরুজ্জামান এছলামাবাদী তার সমাধিফলক উৎকীর্ণ করে রাখার জন্য স্মরণলিপি লিখে গেছেন। ‘পথিক : ক্ষণেকের তরে বস মোর শিরে / ফাতেহা পড়িয়া যাও নিজ নিজ ঘরে / যে জন আসিবে মোর সমাধি পাশে। / ফাতেহা পড়িয়া যাবে মম মুক্তির আশে। / অধম মনিরুজ্জামান নাম আমার / এছলামাবাদী বলে সর্বত্র প্রচার।’
একজন ব্রিটিশ বিরোধী মনিরুজ্জামান এছলামাবাদী এক সংগ্রামী নাম। দুই শতাব্দীকাল ইংরেজ শাসনে ও শোষণে নিষ্পেষিত বাংলার মুসলমানদের পুনর্জাগরণে অনবদ্য ভূমিকা রাখা ব্যক্তি মহীরুহ শিক্ষাবিদ মনিরুজ্জামান এছলামাবাদীকে নিয়ে যুগ যুগ ধরে গবেষণায় রাখা সহ নতুন প্রজন্মের মাঝে তাঁর আর্দশ ছড়িয়ে দেওয়া
সকলের দায়িত্ব ও কর্তব্য চট্টগ্রাম তথা বাংলাদেশের অগ্রজ লেখক মহোদয়ের। চট্টগ্রামের সন্তান হিসেবে আমি গর্বিত এমন এক মহীরুহ ব্যক্তি চট্টগ্রামে জন্মস্থান। আজ ভারত বর্ষে সহ সারা বিশ্বে সমাদৃত হয়ে আছেন উনার কাজে কর্মে। এমন ব্যক্তিকে নিয়ে এতো স্বল্প পরিসরে কিছু লেখা দুর্সাধ্য ও কষ্টসাধ্য। উনার সম্বন্ধে জানতে গিয়ে প্রবন্ধ ও গল্প থেকে যতটুকু জানতে পেরেছি তার কিছুটা প্রতিফলন করার চেষ্টা করেছি আমার লেখায়। মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদীও চলে গেছেন প্রায় পৌনে শত বছর আগে। তবে বেঁচে আছে তাঁর সংগ্রামী জীবনের আলোকিত ইতিহাস। তিনি বেঁচে আছেন অসংখ্য মানুষের হৃদয়ে। মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার আবর্তে তিনি বেঁচে থাকবেন চিরকাল। ইতিহাসই অমর করে রাখবে এই সংগ্রামী সাহসী পুরুষ মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদীকে।
সাজিদ হাসান
