back to top
Sunday, November 22, 2026

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ০১ নভেম্বর, ২০২৬ ০৫:৩১

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চকরিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশের একটি বিশেষ দল।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদরখালী ইউনিয়নের মগনামা পাড়া এলাকার সাগর প্রকাশ গালকাটা সাগর, পূর্ব পুকুরিয়া পাড়া এলাকার মামুনুর রশিদ জাহেদ এবং চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর আমান পাড়া এলাকার সেলিম উদ্দিন প্রকাশ সেলিম।
পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দলের অন্য সদস্য ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার: বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার, চট্টগ্রাম টিভি

আরও পড়ুন

সর্বশেষ