back to top
Sunday, November 22, 2026

ত্রিপুরার বক্সানগরে চোরাকারবারিদের হামলায় রক্তাক্ত তিন বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিবেদক | ০৩ নভেম্বর, ২০২৬ ০৬:১৪

ত্রিপুরার বক্সানগরে চোরাকারবারিদের হামলায় রক্তাক্ত তিন বিএসএফ জওয়ান, আহত সাংবাদিকরাও
ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সানগরে চোরাকারবারিদের হামলায় তিন বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) জওয়ান গুরুতর আহত হয়েছেন। আহত বিএসএফ সদস্যদের রক্ষা করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়ে আহত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (আজ) সকাল ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত। বক্সানগরের আশাবাড়ি বিএসএফ আউটপোস্ট (বিওপি) এলাকার কাঁটাতারের বেড়ার ১৭৪ ও ১৭৫ নম্বর গেটের মধ্যবর্তী স্থান দিয়ে চোরাকারবারিরা অবৈধ পণ্য পাচারের চেষ্টা করছিল।
এ সময় দায়িত্ব পালনরত ৪৯তম ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে হেফজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ সদস্যরা মারধর করেন বলে অভিযোগ উঠেছে। হেফজুর রহমান বারবার নিজেকে চোরাচালানের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। তবে বিএসএফ সদস্যরা জানান, ওই এলাকায় কারা চোরাচালানের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে।
মারধরের একপর্যায়ে বিএসএফের লাঠির আঘাতে হেফজুর রহমানের পা কেটে রক্তক্ষরণ শুরু হয়। পরে বিএসএফ সদস্যরা সেখান থেকে চলে যান। আহত হেফজুর রহমানকে প্রথমে বক্সানগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে আশাবাড়ি নিউ মার্কেট এলাকায় নিয়ে আসা হয়।
এরপর অল্প সময়ের মধ্যে এলাকার চিহ্নিত চোরাকারবারিরা সেখানে জড়ো হয়। স্থানীয় নেতা বাবুর মোবাইল বার্তার পর তারা বক্সানগর-রহিমপুর সড়কে অবরোধ সৃষ্টি করে।
খবর পেয়ে বক্সানগর প্রেস ক্লাবের সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। তখন সকাল আনুমানিক ১০টা। সাংবাদিকরা অবরোধকারীদের সঙ্গে কথা বলার সময় রহিমপুর-কান্টামুড়া বিওপি থেকে একটি গাড়িতে করে তিন বিএসএফ জওয়ান বক্সানগরের দিকে যাচ্ছিলেন। তারা অবরোধস্থলে পৌঁছামাত্রই চোরাকারবারিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় তিন বিএসএফ সদস্যকে নির্মমভাবে মারধর করা হয়। প্রকাশিত ভিডিও ফুটেজে হামলাকারীদের জওয়ানদের মাথা ফাটিয়ে দেওয়া, মাটিতে ফেলে মারধর করা এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। এ সময় কয়েকজন নারীও হামলাকারীদের দলে ছিলেন বলে ভিডিওতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরাও আহত হন। সাংবাদিকরা হামলাকারীদের কাছ থেকে বিএসএফ সদস্যদের অস্ত্র উদ্ধার করে সেগুলো সংশ্লিষ্ট জওয়ানদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। হামলাকারীরা বিএসএফ সদস্যদের ব্যবহৃত সরকারি গাড়িটিও ভাঙচুর করে।
বিএসএফের দাবি, হামলাকারীদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও ছিলেন। তারা দীর্ঘদিন ধরে আশাবাড়ি এলাকায় অবস্থান করে অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত।
এদিকে খবর পেয়ে আশাবাড়ি বিওপি থেকে অতিরিক্ত বিএসএফ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা বিভিন্ন দিকে পালিয়ে যায়।
যে বাড়ির সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটেছে, সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে। পুলিশ ও বিএসএফ ইতোমধ্যে ওই বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একের পর এক বক্সানগরে আসতে দেখা যায়। পুলিশের কাছে তথ্য রয়েছে, হামলাকারী চোরাকারবারিরা এলাকা ছেড়ে পালিয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা করেনি। তবে বিএসএফের পক্ষ থেকে সোমবার রাতের মধ্যে কালামচৌড়া থানায় মামলা দায়ের করা হতে পারে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আশাবাড়ি এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন

সর্বশেষ