back to top
Sunday, November 22, 2026

দীর্ঘ অপেক্ষার অবসান, বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ

বিজন কুমার বিশ্বাস প্রতিনিধি, চট্টগ্রাম টিভি। | ০৪ নভেম্বর, ২০২৬ ১৬:৩৮

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সরকারি অনুমোদন পাওয়ার পর এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ—এই তিনটি জাহাজ দিয়ে শুরু হচ্ছে পর্যটন কার্যক্রম। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই পর্যায়ক্রমে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি পর্যটকবাহী জাহাজ।
জাহাজমালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, পর্যটকের সংখ্যা যাই হোক, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়েই জাহাজ চলাচল শুরু হবে।
এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও অনুমোদন প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি। অবশেষে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অনুমোদন এবং জেলা প্রশাসকের সম্মতি পাওয়ায় খুলছে সেন্টমার্টিনগামী নৌপথ।
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে জাহাজগুলো। তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায়, এমভি কর্ণফুলি ৭টা ১৫ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজার ছাড়বে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ ও রাত্রিযাপনের সুযোগ পাবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার অনুমতি পাবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। বাধ্যতামূলক করা হয়েছে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট।
অন্যদিকে, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় থাকছে বেশ কিছু বিধিনিষেধ। রাতে সৈকতে আলোকসজ্জা, উচ্চ শব্দ, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ এবং সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চলাচল নিষিদ্ধ থাকবে।

দীর্ঘ অপেক্ষার পর জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিনের পর্যটন খাতে নতুন প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে পর্যটন বিকাশের পাশাপাশি দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পর্যটকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

সর্বশেষ