back to top
Sunday, November 22, 2026

যারা নিজেদের ইসলামী দল দাবি করছে, তাদের নির্বাচনি ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা কিংবা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা নেই। -স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক | ০৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৭

ফটিকছড়ি প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন,যারা নিজেদের ইসলামী দল দাবি করছে, তাদের নির্বাচনি ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা কিংবা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা নেই। মুখে এক কথা বললেও তাদের দলিল-প্রমাণ ভিন্ন কথা বলে। ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে তারা দেশে বিভক্তি সৃষ্টি করছে।
নিজেদের ইসলামি আদর্শের দল দাবি করলেও তাদের দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ্দীন’ বাদ দেওয়া হয়েছে কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় বহু মানুষ শহীদ হয়েছেন। তাঁদের সবার নাম ও কবরের ঠিকানাও এখনো জানা যায়নি।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যায় জড়িত ব্যক্তিরা দুঃখ প্রকাশ ও অনুশোচনা না করা পর্যন্ত দেশের মানুষ তাদের রাজনীতিতে ফিরতে দেবে না। গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনাও আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না।

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, যারা এ ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে। সরকারের গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, তবে দেশের মানুষের বিরুদ্ধে অসহযোগিতা করা যাবে না।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপন করা হবে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুতায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলেম-ওলামা ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও কাজ করতে হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ-সময় উপস্থিত ছিলেন,ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন,সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,সাংসদ সরওয়ার আলমগীর,সাংসদ হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ