back to top
Sunday, November 22, 2026

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ,আহত-২

নিজস্ব প্রতিবেদক | ০৮ নভেম্বর, ২০২৬ ০৭:৪৪

ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন,যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তাঁর বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। তবে কী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত, তা জানা যায়নি। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে একটি পক্ষের অনুসারীরা টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা রামগড়-বারৈয়ারহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়,হেঁয়াকো বাজারের অদূরে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের দুজন ছুরিকাঘাতে আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রের দাবি, আহত ঘোষণা কবিরের অবস্থা গুরুতর।
সংঘর্ষের পর দুই পক্ষের লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ