back to top
Sunday, November 22, 2026

সাজেকের দুর্গম জৌপুই পাড়ায় সন্তান প্রসবের সময় প্রসূতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | ০৮ নভেম্বর, ২০২৬ ১১:২২

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সন্তান প্রসব করতে গিয়ে ওয়ারেন্টি ত্রিপুরা (২৭) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোববার (০৮ নভেম্বর) সকালে সাজেক ইউনিয়নের দুর্গম জৌপুই পাড়ায় এ ঘটনা ঘটে।

চিকিৎসা সুবিধা না থাকায় বাড়িতেই প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জৌপুই পাড়াটি সাজেকের অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে নেই কোনো পাকা সড়ক, নেই কমিউনিটি ক্লিনিক কিংবা প্রশিক্ষিত ধাত্রী। প্রসব বেদনা ওঠার পর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। হাসপাতালে নেওয়ার মতো যানবাহন ও সময় কোনোটাই ছিল না।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে দুর্গম এই পাড়াগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছায়নি। গর্ভবতী মায়েদের প্রসবকালীন জটিলতায় একমাত্র ভরসা এখনো গ্রাম্য অভিজ্ঞতা। ফলে প্রায়ই এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।

এ ঘটনায় পুরো পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।

এ বিষয়ে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, দুর্গম এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন ও জরুরি পরিবহনের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। তা না হলে এ ধরনের মৃত্যু ঠেকানো যাবে না।

নভেম্বর ০৮, ২০২৬
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি

আরও পড়ুন

সর্বশেষ