back to top
Sunday, November 22, 2026

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার আবেদন

| ০৯ নভেম্বর, ২০২৬ ০৯:৩৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের দিল্লি মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতিতে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

এ ছাড়া শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় সৃষ্ট বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।

এদিকে, রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে ফিরতে আগ্রহী। তার দলের নেতারাও জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ওই অভ্যুত্থানের সময় সংঘটিত প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

আরও পড়ুন

সর্বশেষ