নুশরাত রুমু, নোয়াখালী :
নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১১ সিপিসি-৩ নোয়াখালীর সদস্যরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভানুয়াই এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের আলমগীর হোসেন (৩৫) ও মো. জীবন (২২)। ডিএনসির দেওয়া তথ্য অনুযায়ী, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে নোয়াখালীতে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ভানুয়াই এলাকার দারুর রাশাদ ইসলামিয়া মাদরাসার পূর্ব পাশে সিলেট থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে সোনাইমুড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
