back to top
Sunday, November 22, 2026

বিশ্ববিদ্যালয় বাড়ছে, কিন্তু কর্মসংস্থানের উপযোগী শিক্ষা কতটা হচ্ছে? প্রশ্ন রাষ্ট্রপতির

| ১০ নভেম্বর, ২০২৬ ০৯:৫৯

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ২ হাজার ৬৭ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।

রাষ্ট্রপতি বলেন, গত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে। কিছু প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পরিবর্তে ব্যবসা ও মুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে।

উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন করাই শিক্ষার মূল লক্ষ্য হতে পারে না। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা পূরণ করতে পারেন। এ জন্য প্রয়োজন মানসম্মত পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সমালোচনামূলক চিন্তাভাবনা, নৈতিকতা এবং জীবনব্যাপী শেখার মানসিকতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন। শিক্ষার বিভিন্ন স্তরের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা শুধু সনদনির্ভর না হয়ে জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জন করতে পারেন।

সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

সুত্রঃ দৈনিক শিক্ষাডটকম

আরও পড়ুন

সর্বশেষ