back to top
Sunday, November 22, 2026

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ কর্মশালা সম্পন্ন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): | ১০ নভেম্বর, ২০২৬ ১১:১৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপের তরুণ সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক এনামুল হকের উদ্যোগে এবং স্বনামধন্য প্রতিষ্ঠান এসএমসি (SMC)-এর সহযোগিতায় স্কুল শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এই কর্মশালাটি সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক-এর সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক দেব প্রিয় শ্রমন, সিনিয়র শিক্ষক আব্দুর রশিদ, চাপা চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক রিদুয়ানুল হক এবং মাস্টার আবু তৈয়ব। এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এসএমসির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ নূর আরেফিন চৌধুরী, সিনিয়র সেলস প্রমোশন অফিসার আবুল হাসান তপাদার এবং সেলস অফিসার মশিউর রহমান।

কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখার সঠিক নিয়মগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়, যাতে তারা শৈশব থেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারে।

আয়োজক ও অতিথিদের এই সময়োপযোগী উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং উপস্থিত শিক্ষকবৃন্দ এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সফল সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ