back to top
Sunday, November 22, 2026

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা

| ১১ নভেম্বর, ২০২৬ ১২:০২

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ কার্যক্রমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশ অনুযায়ী, ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজ চলবে।

বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় অবস্থিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় এ কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজ চলবে।

আদেশে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বোর্ডে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সময়মতো উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের দায়িত্ব পালন অফিশিয়াল দায়িত্ব হিসেবে গণ্য হবে। এ কাজের জন্য ঢাকা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী তাঁদের নির্ধারিত সম্মানী দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ