back to top
Tuesday, November 24, 2026

বেগমগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর, ২০২৬ ১২:৫৭

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজারে ১০ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজারে অবস্থিত মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. সাইফুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাদ্রাসার ভেতরে ১০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক মো. সাইফুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসার ভেতরে অবরুদ্ধ করে গণপিটুনি দেন।

স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ‘ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

সর্বশেষ