back to top
Sunday, November 22, 2026

অ্যান্টিবায়োটিক বিক্রিতে নতুন নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

| ২১ নভেম্বর, ২০২৬ ০৬:২২

রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বিক্রি ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। এ নির্দেশনা অমান্য করে কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি করলে কিংবা সঠিক হিসাব সংরক্ষণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত ‘অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার সম্পর্কিত সচেতনতামূলক গণবিজ্ঞপ্তিতে’ এসব নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের উদ্দেশে বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(২) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ বিক্রি ও বিতরণ করা যাবে না।

এ ছাড়া অ্যান্টিবায়োটিকের ক্রয়-বিক্রয়ের তথ্য যথাযথভাবে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। প্রতিটি বিক্রির বিপরীতে ক্রেতাকে বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের অ্যান্টিবায়োটিক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। লাল লেবেলযুক্ত মোড়কে উপস্থাপন ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি রোগীরা যেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পূর্ণ কোর্স সম্পন্ন করেন, সে বিষয়ে ফার্মাসিস্টদের পরামর্শ দিতে বলা হয়েছে।

অন্যদিকে, অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী সাধারণ মানুষের জন্যও কয়েকটি পরামর্শ দিয়েছে অধিদপ্তর। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা ও সেবন না করার আহ্বান জানানো হয়েছে। ওষুধ কেনার সময় মোড়কে উল্লেখ করা মেয়াদ যাচাই করার পাশাপাশি বিক্রেতার স্বাক্ষর ও তারিখযুক্ত ক্যাশমেমো সংগ্রহ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুস্থ বোধ করলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন করতে হবে। কারণ, নির্ধারিত সময়ের আগে অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করলে জীবাণু ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠতে পারে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি কিংবা সাধারণ ময়লা-আবর্জনার সঙ্গে না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সূত্র:যুগান্তর

আরও পড়ুন

সর্বশেষ