back to top
Sunday, November 22, 2026

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, যেভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা

| ২২ নভেম্বর, ২০২৬ ০৪:১৮

২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবেন। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবেও ফল প্রকাশ করা হতে পারে।

যেভাবে জানবেন খাতা চ্যালেঞ্জের ফল

পুনর্নিরীক্ষণের ফল জানতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ফল প্রকাশের পর নির্ধারিত ফলাফল বা পুনর্নিরীক্ষণসংক্রান্ত লিংকে গিয়ে ফল দেখা যাবে। তবে কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হলে সে ব্যবস্থার মাধ্যমেও ফল জানার সুযোগ থাকবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।

সোমবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের মধ্য দিয়ে আবেদনকারী শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল জানতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ