বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। আজ রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন হবে। সৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে ২৪ ঘণ্টা চালু থাকবে কার্নিভাল। এতে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। ‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এ কার্নিভালের স্লোগান ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।
কার্নিভালে থাকছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিংয়ের ব্যবস্থা। পাশাপাশি দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস।
আয়োজকদের প্রত্যাশা, এ কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে শুধু সমুদ্রসৈকতকেন্দ্রিক না রেখে দিন-রাতের বিনোদন ও নানা অভিজ্ঞতার সমন্বয়ে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী এবং ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের সুপারিনটেনডেন্ট নিশাত অ্যাঞ্জেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান।
কার্নিভালে সন্ধ্যার পরও পর্যটকদের ব্যস্ত রাখার পরিকল্পনা রয়েছে। স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়। এখানে পর্যটকদের জন্য দিন-রাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। শুধু সমুদ্র উপভোগের মধ্যে পর্যটনকে সীমাবদ্ধ রাখলে এ খাতের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়।
তিনি জানান, পরিবারের সব সদস্যের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা রাখা হচ্ছে। শিশুদের জন্য থাকবে কিডস জোন, সকালে যোগব্যায়ামের জন্য ওয়েলনেস সেন্টার, পাশাপাশি ফুড জোন, মার্কেটপ্লেস ও উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
কার্নিভালের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য। এসব শিল্পকর্মে হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হবে।
বাংলাদেশি বালুশিল্পী জীবন রায় বলেন, ২০১২ সালে বালুশিল্পের সঙ্গে তাঁর পথচলা শুরু। দীর্ঘদিনের স্বপ্ন ছিল আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে নিয়ে কক্সবাজারে বড় পরিসরে বালুর ভাস্কর্য তৈরি করা। এবার সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, জীববৈচিত্র্য এবং জেলে ও কৃষকের জীবনসংগ্রাম বিশ্বের সামনে তুলে ধরতে চান তাঁরা।
কার্নিভালে সমুদ্রের কাছাকাছি ক্যাম্পিংয়ের সুযোগও থাকছে। হোটেলকেন্দ্রিক পর্যটনের বাইরে প্রাকৃতিক পরিবেশে রাত কাটানোর অভিজ্ঞতা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। এ ছাড়া প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা থাকবে। বিভিন্ন ফুড স্টল থেকে খাবার সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় বসে খেতে পারবেন দর্শনার্থীরা। গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের পাশাপাশি রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগও রাখা হচ্ছে।
৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত এ কার্নিভালে নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র: আরটিভি
