রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির দুর্গম ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
তিনি বলেন, প্রত্যেক উপজেলায় অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে জুরাছড়ি উপজেলায় আবাসন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্য বিভাগে বেশ কিছু সফলতা থাকলেও দুর্গম এলাকার মানুষের কাছে এখনো পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়নি। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে জেলা সদর কিংবা চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু পাহাড়ের অধিকাংশ মানুষ আর্থিকভাবে অসচ্ছল। তাই উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, রাঙামাটি ২৫০ শয্যার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিভিন্ন সংকট রয়েছে। এসব সংকট পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধেও সচেতনতা বাড়াতে হবে। এ জন্য জেলা পরিষদের পক্ষ থেকে দুই লাখ টাকার ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রত্যেক উপজেলায় ই-লার্নিং কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
সভায় সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ জিতিসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য বিভাগের সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা।
নভেম্বর ২৩, ২০২৬
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি
