সোমবার
২৬ অক্টোবর ২০২৬
১৩৭ বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন, দিনভর ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনগাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি: অহিংসা, মৈত্রী, করুণা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে চট্টগ্রামের রাউজানের আকাশে উড়েছে লক্ষাধিক ফানুস। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার ১৩৭টি বৌদ্ধ বিহার এবং এসব বিহারের আওতাধীন পাড়া, মহল্লা ও গ্রামে উৎসবমুখর পরিবেশে ফানুস উত্তোলন করা হয়। বুদ্ধপূজা, সমবেত প্রার্থনা, ধর্মীয় কীর্তন, মহাসংঘদান, ধর্মীয় আলোচনা, শিশু-কিশোরদের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। উৎসবের আনন্দে শামিল হন অন্যান্য ধর্মের মানুষও। ফলে প্রবারণা পূর্ণিমার আয়োজন ধর্মীয় আবহ ছাপিয়ে রাউজানে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রকাশ হয়ে ওঠে। বৌদ্ধধর্মের তিন মাসব্যাপী বর্ষাবাসের সমাপ্তিতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়। এ উপলক্ষে গতকাল ভোর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে চলে নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি। সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাতি বন্দনা, শীল গ্রহণ, বুদ্ধপূজা, মহাসংঘদান, অষ্টপরিষ্কার দান ও ভিক্ষুসংঘের পিণ্ডদান অনুষ্ঠিত হয়। দুপুরে ত্রিপিটক পাঠ, ধর্মীয় আলোচনা এবং প্রবারণা অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক ভুলত্রুটি স্বীকার ও ক্ষমা প্রার্থনার পাশাপাশি দেশ, জাতি ও বিশ্বের সব প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা করা হয়। আত্মশুদ্ধি, নৈতিকতা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে দিতে বিভিন্ন বিহার ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। প্রবারণা পূর্ণিমার অন্যতম আকর্ষণ ফানুস উত্তোলন। বৌদ্ধ ঐতিহ্য অনুসারে, গৌতম বুদ্ধের কেশধাতু স্বর্গে দেবতাদের দ্বারা চূড়ামণি চৈত্যে সংরক্ষণ ও পূজার পুণ্যস্মৃতির সঙ্গে ফানুস উত্তোলনের ঐতিহ্য জড়িত। সেই ধর্মীয় ঐতিহ্য ও পুণ্যস্মৃতিকে ধারণ করে সন্ধ্যায় বৌদ্ধ বিহার ও বিভিন্ন বাড়ি থেকে আকাশে ওড়ানো হয় রঙিন ফানুস। পাশাপাশি প্রদীপ প্রজ্বালন, বৌদ্ধ কীর্তন ও ধর্মীয় গাঁথা পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও ধর্মীয় প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল দিনব্যাপী আয়োজনের উল্লেখযোগ্য অংশ। সন্ধ্যায় উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া গ্রামের ঐতিহাসিক রামদাশ মহাবিহার ও ভাবনা কেন্দ্রে দেখা যায়, নতুন পোশাকে কয়েকশ নারী-পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণ বিহার প্রাঙ্গণে সমবেত হয়েছেন। কীর্তনের সুরে প্রার্থনার পাশাপাশি তাঁরা দলবদ্ধভাবে একের পর এক ফানুস উত্তোলন করছেন। এ দৃশ্য উপভোগ করতে সেখানে উপস্থিত হন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শতাধিক মানুষ। ধর্মীয় উৎসবকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফুটে ওঠে রাউজানের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র। নগর থেকে ফানুস দেখতে আসা কবি সরোয়ার রানা বলেন, আনন্দ-উৎসবকে কোনো ধর্মের মধ্যে আবদ্ধ রাখা যায় না। ফানুস বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের অংশ হলেও ছোটবেলা থেকেই আমরা এটি উপভোগ করে আসছি। সন্ধ্যার পর বিহারে-বিহারে, গ্রামের প্রায় প্রতিটি বাড়ি থেকে ফানুস
ওড়ানো হয়। এতে বিহারসহ আশপাশের গ্রামের আকাশ আলোকিত হয়ে ওঠে। মনে হচ্ছিল, রাতের আকাশের তারাগুলো যেন নিচে নেমে এসেছে। এমন দৃশ্য সরাসরি উপভোগ করতেই এখানে এসেছি। সেখানে ফানুস দেখতে আসা চক্ষু চিকিৎসক নীলাদ্রি দাশগুপ্ত বলেন, প্রতিটি ধর্মের আচার, সংস্কৃতি ও উদযাপনের ধরন ভিন্ন হলেও উৎসবের আনন্দ আমাদের সবার। ধর্মীয় বৈচিত্র্যকে শ্রদ্ধা করে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আমরা মিলেমিশে সব উৎসব উপভোগ করি। ঐতিহাসিক রামদাশ মহাবিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ ভিক্ষু বলেন, অহিংসা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে রাউজানে লক্ষাধিক ফানুস উত্তোলন করা হয়েছে। তাঁর বিহার ও এর আওতাধীন এলাকায় উৎসবমুখর পরিবেশে আড়াই হাজারের বেশি ফানুস ওড়ানো হয়েছে। নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপনে সহযোগিতার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি সকলের জয়-মঙ্গল কামনা করেন এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। পাহাড়তলী ইউনিয়নের মহামুনি সেবক সংঘ ও তরুণ সংঘের সাবেক সভাপতি রনজিৎ চৌধুরী বাবলু বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহামুনি গ্রামের তিনটি সামাজিক সংগঠন, সাতটি বিহার ও এসব বিহারের আওতাধীন আট শতাধিক পরিবারের উদ্যোগে প্রায় ছয় থেকে সাত হাজার ফানুস উত্তোলন করা হয়েছে। এ উপলক্ষে সেবক সংঘের আয়োজনে সাত পাকসহ বৌদ্ধ কীর্তন ও সমবেত বুদ্ধপূজা, তরুণ সংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সংস্কৃতি সংঘের আয়োজনে ধর্মীয় গাঁথা প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাউজান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করেন। কোনো অপশক্তি যাতে এ সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত সুমেধানন্দ মহাথেরো বলেন, থেরোবাদী বৌদ্ধধর্মে প্রবারণা আত্মশুদ্ধি, পারস্পরিক সংশোধন, বিনয়ানুশাসন ও সংঘের ঐক্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। সাধারণত তিন মাসব্যাপী বর্ষাবাসের সমাপ্তিতে আশ্বিনী পূর্ণিমায় এ উৎসব পালিত হয়। প্রবারণার মধ্য দিয়ে ভিক্ষুসংঘের সদস্যরা নিজেদের ভুলত্রুটি চিহ্নিত ও সংশোধনের সুযোগ গ্রহণ করেন। এর মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। তিনি আরও বলেন, বাংলাদেশসহ থেরোবাদী বৌদ্ধপ্রধান বিভিন্ন দেশে প্রবারণা ধর্মীয় চেতনা, দানশীলতা, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের ভুল স্বীকার করা, অন্যের গঠনমূলক পরামর্শ গ্রহণ করা এবং আত্মশুদ্ধি ও নৈতিকতার চর্চার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই প্রবারণার মূল শিক্ষা। এ শিক্ষার আলোকে একটি কল্যাণময়, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।