মঙ্গলবার
২৭ অক্টোবর ২০২৬
ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার হেঁয়াকো এলাকায় চুরির চেষ্টা করে পালানোর সময় নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুয়াবিল টেকের দোকান এলাকা থেকে নোহা গাড়িসহ তাঁদের আটক করেন স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করে।
আটককৃতরা হলেন,ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার আবুল হোসেনের পুত্র সাইদুল ইসলাম শিমুল (৩২),কুমিল্লার লাকসাম এলাকার মৃত রফিকের পুত্র সামশু উদ্দিন (৪১),কুমিল্লার লাকসাম এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মোজাম্মেল হক (৩২), চাঁদপুরের মতলব এলাকার সিরাজুলের পুত্র ইউনুস (৪২),এবং কুমিল্লার লাকসাম এলাকার। তৈয়ব আলীর পুত্র সোহাগ (৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি নোহা গাড়িতে করে হেঁয়াকো এলাকায় এসে মোবাইল টাওয়ারের
ব্যাটারি চুরির চেষ্টা করেন পাঁচ যুবক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা ধাওয়া দেন। একপর্যায়ে নোহা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে সুয়াবিল টেকের দোকান এলাকায় তাঁদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধর করে।
খবর পেয়ে উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ভূজপুর থানায় নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, চক্রটি হেঁয়াকো এলাকায় টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করেছিল। তবে স্থানীয় লোকজনের ধাওয়ায় তারা চুরি করতে না পেরে পালিয়ে যায়। পরে সুয়াবিল টেকের দোকান এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। ওসি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।